
বিশেষ প্রতিনিধি, ০৯ অগাস্ট :দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে আজ শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উত্সব পালিত হবে। বিভিন্ন সংগঠন এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে। ঢাকায় ৩ দিনের এবং চট্টগ্রামে জন্মাষ্টমীর চারদিনব্যাপী উত্সব হবে। আজ বের হবে ঐতিহ্যবাহী মহাশোভাযাত্রা। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতারা আশা করছেন কয়েক লাখ ভক্ত মহাশোভাযাত্রায় অংশ নেবেন। এদিকে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া উত্সব পালনে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।
বন্দরনগরী চট্টগ্রামে ঐতিহ্যবাহী জন্মাষ্টমীর উত্সব আজ সকাল ১০টায় মহাশোভাযাত্রার মাধ্যমে শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ। মাতৃ সম্মেলন উদ্বোধন করবেন রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী মহারাজ। উদ্বোধনী দিনে কর্মসূচিতে দুপুর ১২টায় নগরীর জেএম সেন হলে মাতৃসম্মেলন, বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৫টায় ধর্ম মহাসম্মেলন, রাত ৯টায় অধিবাস কীর্তন হবে। ১০ থেকে ১২ আগস্ট ভোর পর্যন্ত দিবারাত্র মহানামযজ্ঞ হবে। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতারা আশা করছেন কয়েক লাখ ভক্ত মহাশোভাযাত্রায় অংশ নেবেন।
গতকাল বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ পালিত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিরাপত্তা ও সমঅধিকার, দুর্গাপূজায় ৪ দিনের ছুটি ঘোষণা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে পরিণত করা, প্রবর্তক সংঘ রক্ষা ও সারাদেশে বেদখল হওয়া দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও তা সংরক্ষণে প্রয়োজনীয় আইন প্রণয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ চালু রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, জন্মাষ্টমী উত্সবের সময় সরকারি ভোগ্যপণ্য বরাদ্দের দাবি জানানো হয়।
শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের আয়োজনে রাজধানী ঢাকায় ৩ দিনের জন্মাষ্টমী উত্সব পালিত হবে। আজ সকাল ৯টায় খামারবাড়ী থেকে একটি শোভাযাত্রা ও নগরকীর্তন বের হবে। ১০ আগস্ট দিনব্যাপী পাণিসম্পদ অধিদফতরে আলোচনা সভা এবং ১১ আগস্ট পূজা এবং নন্দোত্সব উপলক্ষে মহাপ্রসাদ বিরতণের আয়োজন করেছে সংগঠনটি।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী : এদিকে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল পৃথক বিবৃতিতে তারা এ শুভেচ্ছা জানান। বিবৃতিতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, সমাজ থেকে হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ। সৃষ্টিকর্তার বন্দনা ও আরাধনার মাধ্যমে মানুষে মানুষে সম্প্রীতির আবহ সৃজনে তার আদর্শ সমভাবে প্রযোজ্য।
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিবৃতিতে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে নানা ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। আমি আশা করি, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে তার ভক্তদের অনুপ্রাণিত করবে।
খালেদা জিয়ার শুভেচ্ছা : বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল এক বাণীতে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী অন্যতম প্রধান ধর্মীয় উত্সব। যে কোনো ধর্মীয় উত্সব সম্প্রদায়ের ভেদরেখা অতিক্রম করে মানুষে মানুষে মিলনের বাণী শোনায়, মানব সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শুভেচ্ছাবোধ জাগরিত হয়। তিনি আরও বলেন, সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। যুগে যুগে ধর্ম প্রচারকরা সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গিয়েছেন। শ্রী কৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এমনই এক সময়ে যখন সমাজে রাজার নিষ্ঠুর অত্যাচার ও দুঃশাসন কায়েম ছিল। তিনি সেই অন্যায়কে দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। আমরা সব ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাসী। হিংসা, বিদ্বেষ, হানাহানি, বৈষম্য, অন্যায়-অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থানে থেকে আমাদের সবাইকে অবদান রাখতে হবে। তিনি জন্মাষ্টমীর এই শুভদিনে সবার প্রতি এই আহ্বান জানান। এদিকে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অনুরূপ এক বাণী দিয়েছেন।
Add Your Comment
- সজলের লাশ আনতে অভিযান শুরু
- গাজীপুরে শ্রমিক বিক্ষোভ : ছুটি ঘোষণা
- দ্রুত ডেমু ট্রেন চালু হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল লাইনের ওপর সড়কে গেটম্যান না থাকায় দুর্ঘটনার আশংকা
- শ্রদ্ধা-ভালোবাসায় জাতীয় কবিকে স্মরণ করছে জাতি
- রাজশাহীর গাছে গাছে আমের সমারোহ : চাষীদের মুখে হাসি
- কাহালুতে জামাই মেলা অনুষ্ঠিত
- মানবাধিকার কমিশন না নিন্দাধিকার কমিশন? : গভীর রাতে মতিঝিলে লক্ষ গুলির আওয়াজ তার ঘুম ভাঙ্গাতে পারেনি
- বাংলাদেশকে সতর্ক করলো ইউরোপীয় পার্লামেন্ট
- ভোলার ৪১ গ্রাম প্লাবিত : পানিবন্দি কয়েক হাজার
- জাতীয় কবি কাজী নজরুলের জন্মদিন আজ

