
ডেস্ক নিউজ,১৯ আগস্ট: এবার নিরানন্দ ঈদ কাটবে সাংবাদিক দম্পতি সাগর-রুনির ছেলে মেঘ ও বিএনপি নেতা ইলিয়াস আলীর মেয়ে সাইয়ারার। বাবাকে ছাড়াই ঈদের জামাতে যাবে মাহের সরোয়ার মেঘ (৬)। গত ঈদে শিশুটি তার বাবার হাত ধরেই ঈদের জামাতে গিয়েছিল। কিন্তু এবার প্রিয় বাবা-মা সাগর সরোয়ার ও মেহেরুন রুনি নেই।
মেঘ তার স্মৃতি হাতড়ে বলে, 'আমার বাবা খুব ভালো ছিল। আমাকে ঈদে ঘুরতে নিয়ে যেত। কথা হলে বাংলাদেশ প্রতিদিনকে এ কথাগুলো বলে নিহত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মেঘ। জানা যায়, এবার ঈদের সকালে নামাজ পড়েই মেঘ তার পরিবারের সদস্যদের সঙ্গে যাবে আজিমপুর মা-বাবার কবরস্থানে। সেখানে মেঘ তার মা-বাবা কবর জিয়ারত করবে। আজিমপুর কবর স্থান থেকে অতঃপর সে যাবে নবাবপুরে তার দাদির বাসায়। কেমন কাটবে মেঘের এবারের ঈদ তা জানতে চাইলে মেঘের মামা নওশের আলম রোমান বলেন, 'আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ঈদের সময় কোনোভাবেই যেন মেঘের মন খারাপ না থাকে।'
ইতোমধ্যে ঈদকে সামনে রেখে মেঘের জন্য তিন-চারটি পাঞ্জাবি কেনা হয়েছে। এর পাশাপাশি মেঘকে গেঞ্জি, প্যান্ট ও জুতাও কিনে দেওয়া হয়েছে। ঈদের অনুভূতি কী তা মেঘ জানে না। তবে নতুন কেনা জামাকাপড় নিয়ে সে বেশ উচ্ছ্বসিত।
মেঘের মামা বলেন, 'এবারের মতো বিষাদময় ঈদ আমাদের আর কখনো আসেনি। ঈদের দিন কী করে কাটবে তা ভাবতে পারছি না। মনে পড়ে গত ঈদের তিন-চার দিন আগে আমরা রুনি আপার বাসায় ইফতারের দাওয়াতে যাই। সেদিন মেঘকে অনেক হাসিখুশি দেখাচ্ছিল। বাবার নির্দেশ মেনে আমাদের সবার জন্য ইফতারের আয়োজনে সাহায্য করেছিল।' রোমন জানান, মেঘ খুব চাপা স্বভাবের। নিজের দুঃখ সে সহজে কাউকে বুঝতে দিতে চায় না। মা-বাবার কথা মনে পড়লেও তা টের পেতে দেয় না। রোমন বলেন, 'অনেকেই ফোন করে জানিয়েছেন যে তারা এবার ঈদের দিনে মেঘের সঙ্গে দেখা করতে আসবেন। আমাদেরও চেষ্টা থাকবে মেঘ যেন আনন্দে থাকে।' জানা যায়, মেঘ ঈদের জন্য নিজের পছন্দে একটি টুকটুকে লাল রঙের পাঞ্জাবি কিনেছে। মেঘ জানায়, পাঞ্জাবি তার পছন্দের পোশাক। মেঘের মামা জানান, মেঘের জন্য মেরুন রঙের পাঞ্জাবিও কেনা হয়েছে।
জার্মানি থেকে ফেরার পর গত দুই বছর ধরে মেঘ তার মা-বাবার সঙ্গে ঢাকাতেই ঈদ উদযাপন করেছিল। সে সময় মেঘের মা মেহেরুন রুনিই তার স্বামী ও সন্তানের জন্য ঈদের পোশাক কিনতেন। তবে নিজ নিজ সংবাদমাধ্যমে দায়িত্বপালনের জন্য বাবা-মাকে ঈদের দিনে একসঙ্গে পেত না মেঘ।
মেঘের নানি নুরুন্নাহার মির্জা জানান, গতবার ঈদে বাবার হাত ধরেই মেঘ তার দাদির বাড়িতে ঘুরতে গিয়েছিল। এবার ঈদে কোথাও বেড়াতে যাবে তা জানতে চাইলে মেঘ বলে, 'ঈদে একাত্তর টিভির গাড়ি দিয়ে রুপা আন্টির (একাত্তর টিভির রিপোর্টার ফারজানা রুপা) বাসায় ঘুরতে যাব।'
ঈদের আগেই বাবা ফিরে আসবে : বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর মেয়ে সাইয়ারা নাওয়ালের বিশ্বাস ঈদের আগেই তার বাবা ফিরে আসবেন। কিন্তু বাবাকে ফিরে পেতে ছোট শিশুটির দীর্ঘ অপেক্ষা যেন শেষ হচ্ছে না। এবারই প্রথম বাবাকে ছাড়া ঈদ করবে সাইয়ারা। প্রতি ঈদে বাবাকে নিয়ে পছন্দের পোশাক কিনলেও এবার তার আগ্রহ নেই। নিখোঁজ বাবাকেই 'ঈদ উপহার' হিসেবে ফিরে পেতে চায় সাইয়ারা। এর বেশি তার কিছুই চাওয়ার নেই। ঈদ উদযাপনে গতকাল সকালেই ইলিয়াস আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথের উদ্দেশে রওয়ানা হয়েছেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এবং তিন সন্তান সাইয়ারা, আবরার ও লাবিব।
জানা যায়, তাহসিনা প্রতি ঈদে আত্দীয়দের জন্য ঈদের কেনাকাটা করলেও সন্তানদের ঈদের পোশাক নিজে পছন্দ করে কিনতেন ইলিয়াস আলী। সন্তানদের তিনি নিয়ে যেতেন গুলশানের পিংক সিটিসহ অভিজাত সব বিপণিবিতানে। ঈদের দিন সকালে গ্রামের বাড়িতে ঈদের জামাত পড়তে যেতেন ইলিয়াস আলী। নামাজ থেকে ফিরেই সন্তানদের ঈদ সালামি দিতেন। কিন্তু এবার বাবা নেই, তাই সাইয়ারা, আবরার ও লাবিবের মনেও নেই ঈদ-আনন্দ। ঈদের এ আনন্দের মুহূর্তে পুরো পরিবারটি এখন আপনজন নিখোঁজের শোকে স্তব্ধ। গতকাল ইলিয়াস আলীর ভাই আকসির আলী বাংলাদেশ প্রতিদিনকে জানান, ইলিয়াস পরিবারের সদস্যদের এবার ঈদে কেনাকাটা করার মনমানসিকতা নেই। তবে ঈদ বলে কথা, তাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অন্য নেতারা ইলিয়াস আলীর স্ত্রী ও তার সন্তানদের জন্য ঈদ উপহার হিসেবে পোশাক পাঠিয়েছেন। এ ঈদে ইলিয়াস আলীর তিন সন্তানের একটাই দাবি। তারা যে কোনো মূল্যে তাদের প্রিয় বাবাকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চায়। আকসির আলী বলেন, 'পরিবারের পক্ষ থেকে আমাদের বিনীত আবেদন আমরা শুধু অক্ষত ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীকে ফেরত চাই। কোনো ক্ষমতা বা প্রতিপত্তিতে আগ্রহ নেই। আর এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজনৈতিক নেতাদের একান্তিক ইচ্ছা প্রয়োজন।'
এদিকে ইলিয়াস আলীর বৃদ্ধ মা সূর্যবান বিবি পুত্রশোকে অসুস্থ। আর নির্বাচনী এলাকা ও যুক্তরাজ্যের প্রবাসী বাঙালিরাও শোকে কাতর হয়ে পড়েছেন।
Add Your Comment
- জলাবদ্ধতার কবলে রাজধানী, বিদ্যুতের তারে প্রাণ গেল ২ জনের
- ফরিদপুরে হেরোইনসহ আটক এক
- নেত্রকোনা বিসিক শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট উৎপাদন ব্যাহত শিল্প উদ্যোক্তারা বিপাকে
- নেত্রকোনায় কৃষককে গলা কেটে হত্যা মামলার আসামী গ্রেফতার : ৫ দিনের রিমান্ড
- নেত্রকোনার কেন্দুয়ায় এলজিইডি’র সার্ভেয়ারকে মারধর করায় সরকার দলীয় ঠিকাদার আটক ॥ থানায় মামলা
- মুষলধারে বৃষ্টি: রাজধানীতে হাঁটুপানি, দুর্ভোগ
- রাজশাহীতে নিখোঁজ যুবকের লাশ মিললো পুকুরে
- ‘আগামী মাসেই পদ্মা সেতুর টেন্ডার’
- ডিসিসি নির্বাচন নিয়ে নতুন কৌশলে সরকার
- চট্টগ্রামে অজ্ঞাত ২ ব্যক্তির লাশ উদ্ধার

